পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে এমন একটি ভিডিওতে লাইক দেওয়ার অভিযোগে মো. মামুন অর রশিদ তালুকদার নামে এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার উপজেলার মিঠাখালী পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামালের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, অভিযোগের পরবর্তী তদন্ত ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সাময়িক বরখাস্ত থাকবেন। বরখাস্তকালীন সময়ে তার বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাদি প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ৯ আগস্ট ‘ভোলা মিশন’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত “সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান” ও “খেলা জমে গেছে” শিরোনামের একটি ভিডিওতে শিক্ষক মামুন অর রশিদ তালুক দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাকে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শিক্ষক দুই দফাতেই লিখিত জবাব দিলেও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অভিযোগটির তদন্ত ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন।
শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার বলেন, ৯ আগস্ট রাতে ফেসবুক নিউজফিড স্ক্রল করার সময় অসাবধানতাবশত তার আঙুলের স্পর্শে ভিডিওটিতে ‘লাইক’ পড়ে যায়। পরে ভিডিওটি আপত্তিকর বুঝতে পেরে তিনি লাইকটি প্রত্যাহার করে নেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল বলেন, একজন শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে এমন ভিডিওতে লাইক দেওয়া নৈতিকভাবে অন্যায়। বিষয়টি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









