পাবনায় ইসিএসএপি প্রকল্পের সিএসওদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে নাগরিক পরিসর সম্প্রসারণে জেলা প্রশাসনের সঙ্গে সংযোগ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সকলের। সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে। রাষ্ট্র সামাজিক, রাজনৈতিক বা সাম্প্রদায়িক কোনো বৈষম্যে বিশ্বাস করে না; বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রে মত প্রকাশ ও ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। জনগণের কল্যাণ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য সরকার বিভিন্ন বিশেষ সুবিধা চালু করেছে। এসব সুযোগ গ্রহণে এগিয়ে আসতে হবে এবং নিজেদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে মনে করে অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য তুলে ধরেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং কর্মকর্তা কামাল আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের সমতল এলাকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতকৃত একটি পজিশন পেপার উপস্থাপন করেন উন্নয়ন সংস্থা ব্রেড-এর কর্মসূচি সমন্বয়ক আশিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. আজহারুল ইসলাম বলেন, লিগ্যাল এইড অফিস সবসময় জনগণের জন্য উন্মুক্ত। আইনগত সহায়তার প্রয়োজন হলে যে কেউ বিনামূল্যে সেবা নিতে পারবেন।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসুম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা।
মুক্ত আলোচনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সম্প্রদায়ভিত্তিক বিদ্যালয় প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ, আবাসন ও ভূমি বরাদ্দসহ বিভিন্ন সরকারি সেবা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ভাঙ্গুড়া উপজেলার শেপালী বসাক ও রনজিত বসাক, আটঘরিয়ার শিপ্রা এবং ডা. দুলাল চন্দ্র সরকার।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং ঈশ্বরদী, আটঘরিয়া ও ভাঙ্গুড়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









