চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা, কীটনাশক, কসমেটিকস, ইলেকট্রনিক্স সামগ্রী ও চকলেট চোরাচালানি পণ্য জব্দ করে করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে জীবননগর সীমান্তের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন একই এলাকায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি পেয়ারা বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ বোতল ভারতীয় কীটনাশক ও ১ প্যাকেট চকলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি আমবাগানে অভিযান চালিয়ে ১০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









