জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলা, পৌর, কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ডোবা, মজা পুকুর ও আশেপাশের এলাকায় দিনভর পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। পরিচ্ছন্নতা শেষে তারা ওই এলাকায় বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা, পৌর, কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদলে নেতৃবৃন্দ।
অভিযানকালে নেতাকর্মীরা পৌর ভবনের বিপরীত দিকের মজা পুকুর ও এর আশপাশের সড়ক, ড্রেন এবং জমে থাকা কচুরিপানা, ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে মশার বংশবৃদ্ধি রোধে মশকবিরোধী ওষুধ ছিটানো হয় এবং পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী বলেন, ‘‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ৩ নম্বর ওয়ার্ড এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা ও নিজস্ব আঙিনা পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি। ছাত্রদল সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে সব সময় মাঠে থাকবে।’’
এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কাজে সক্রিয়ভাবে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









