সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।
বিউটি রানী পাল ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায় এর আগে ২০২৩ সালেও তার নাম ছিল।
সম্প্রতি ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে তার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। শিক্ষক, লেখক ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটি অংশ তার পাশে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল কর্মকাণ্ডের পক্ষে মত দেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে মোট সাতজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে চারজন এবং বিভাগীয় পর্যায়ে তিনজন।
জেলা পর্যায়ে নির্বাচিত অন্য তিনজন হলেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বরের এক স্মারকে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।
এদিকে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত তিনজন হলেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দেব এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









