রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে জান্নাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় বাধা দিতে গেলে তাঁর স্বামী মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আমিনুল ইসলাম (৩২) নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে কলহ ও নির্যাতন চালাতেন। ঘটনার রাতে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সঙ্গে তাঁর বিরোধ বাধে। একপর্যায়ে আমিনুল ঘর থেকে হাসুয়া এনে তাঁর মা জান্নাতুনকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ সময় মাকে বাঁচাতে তাঁর বাবা মুজিব সরদার এগিয়ে এলে আমিনুল তাঁকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এসে মুজিব সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার জানান, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ ও মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









