বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
এর আগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘‘দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সবধরনের অপতৎপরতার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।’’
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘‘সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ে দল কাজ করে যাচ্ছে।’’
মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ‘‘দলীয় নেতাকর্মীদের সংগঠিত থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার থাকবে।’’
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









