সিলেটে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগ যাচাইয়ে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথি ও রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ বলেন, ‘অভিযোগের বিষয়ে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি।’
দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে জালালাবাদ গ্যাসের হবিগঞ্জ জোনের আঞ্চলিক পরিচালক মো. ছয়ফুল আলম এবং ছাতক জোনের সহকারী ব্যবস্থাপক মো. আশফাকুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ, লেজারে ভুয়া পোস্টিং, বিকাশের বিল জাল করে রাজস্ব সফটওয়্যারে পোস্টিং এবং নিজস্ব আইডি ব্যবহার করে ভুয়া পোস্টিংয়ের মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদক আরও জানায়, আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ এবং ঘটনা আড়াল করার চেষ্টার অভিযোগও রয়েছে। এসব অভিযোগ যাচাই করতেই অভিযান চালানো হয়।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগ থেকে নথি ও রেকর্ডপত্র সংগ্রহ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সংগৃহীত তথ্য ও নথি পর্যালোচনা শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ বলেন, ‘অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









