সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিশ্চিতে এয়ার এ্যম্বুলেন্স যোগে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতার জন্য উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রুয়েট পরিবার সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য আহত ওই শিক্ষার্থীকে এয়ার এ্যম্বুলেন্স যোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়।
বুধবার রাতে রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার। এই ঘটনার পর তার মস্তিষ্কে রক্ত জমেছে। এমন অবস্থায় তিনি সংকটাপন্ন অবস্থায় কোমায় আছেন।
বৃহস্পতিবার সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
হাসপাতালের পরিচালক সহ চিকিৎসকবৃন্দের সাথে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মাথায় তীব্র আঘাতের ফলে রাফিদের মস্তিষ্কে রক্ত জমে আছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকায় নেওয়া প্রয়োজন। তাৎক্ষণিক রুয়েট প্রশাসন আড়াই লাখ টাকা জোগাড় করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং রাফিদকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা করেন।
এদিকে রাফিদের চিকিৎসার জন্য রুয়েট প্রশাসন সহ শিক্ষার্থীদের পক্ষ থেকে চিকিৎসা ফান্ড সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। রাফিদের দ্রুত সুস্থতার জন্য রুয়েটের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









