প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিলেন গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়া (২২)। কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তদের হাতে বলি হতে হলো জোবায়েরের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, জোবায়ের পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে সে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একদল লোক তার উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. হামিম ভূঁইয়ার অভিযোগ, ‘‘পুখুরিয়া গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেলের সাথে কথা কাটাকাটি হয় জোবায়েরের। এর জের ধরে সোহেলের নেতৃত্বে ৭/৮ জন যুবক জোবায়ের উপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।’’ তিনি এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘তার উপর হামলার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









