ইয়েমেনে সংঘাত তীব্র হয়ে ওঠায় গত তিন সপ্তাহে প্রায় ৭১ হাজার শিশু ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। একই সময়ে অন্তত ১৫ শিশু নিহত ও ১৪ শিশু আহত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এ তথ্য জানিয়েছে।
জেনেভায় সাংবাদিকদের ইউনিসেফের ইয়েমেন প্রতিনিধি আখিল ইয়ার জানান, বিগত তিন সপ্তাহে ইয়েমেনে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ৭১ হাজারই শিশু। অধিকাংশ মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ গভর্নরেট থেকে অথবা এর ভেতরেই এক স্থান থেকে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
ইয়ার বলেন, সংঘাতের কারণে ক্ষুধা বাড়ছে, আর ক্ষুধার কারণে শিশুরা সংঘাতের ঝুঁকিতে আরও বেশি পড়ছে।
ইউনিসেফের মোবাইল পুষ্টি দলগুলো সাম্প্রতিক সময়ে নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব এমন এলাকায় প্রায় ২ হাজার ৯০০ শিশুর পুষ্টি পরীক্ষা করেছে। তাদের মধ্যে চারজনের একজনের বেশি তীব্র অপুষ্টিতে ভুগছে। প্রায় ২০০ শিশু গুরুতর তীব্র অপুষ্টিতে আক্রান্ত।
ইউনিসেফের হিসাবে, চলতি বছর ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী ২২ লাখের বেশি শিশু তীব্র অপুষ্টির শিকার হতে পারে। এর মধ্যে পাঁচ লাখের বেশি শিশুর গুরুতর তীব্র অপুষ্টিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইয়ার জানান, সেপ্টেম্বরের শুরু থেকে সংঘাতে অন্তত ১৫ শিশু নিহত ও ১৪ শিশু আহত হওয়ার তথ্য যাচাই করেছে ইউনিসেফ। আরও তিন শিশু নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।

সংঘাতের প্রভাব পড়েছে শিক্ষাব্যবস্থাতেও। গত তিন সপ্তাহে ২৪৩টি স্কুল বন্ধ হয়ে গেছে বা পাঠদান স্থগিত করেছে। এতে প্রায় ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে।
ইয়ার বলেন, শিশুদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে বাধ্য করা যাবে না, যে পরিস্থিতির মধ্যে তাদের কখনোই পড়ার কথা ছিল না। তিনি শিশু, বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনা সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং নিরাপদ ও নির্বিঘ্ন মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য সংঘাতের পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।
সূত্র: আনাদোলু এজেন্সি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









