কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। তাঁদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের জীম্বংখালী সীমান্তের ইশাকের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীম্বংখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২০) ও একই এলাকার মৃত জফর আলমের ছেলে রাসেল মিয়া (২১)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বেলা ২টা ৫০ মিনিটের দিকে নিয়মিত টহলের সময় জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় দুই যুবককে মাছের ঝুড়ি হাতে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে দেখে সন্দেহ করে। তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চ্যালেঞ্জ করা হলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন।
তাদের হাতে থাকা মাছের ঝুড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো চারটি নীল কার্টন পাওয়া যায়। কার্টনগুলো থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তাঁরা বহন করছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









