কারখানার অবৈধ বন্ধের নোটিশ প্রত্যাহার, বকেয়া বেতন পরিশোধ এবং অবিলম্বে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস খুলে দেওয়ার দাবিতে বরিশালে থালা-বাসন হাতে নিয়ে ‘ভুখা মিছিল’ ও সমাবেশ করেছেন ক্ষুব্ধ শ্রমিকেরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে কারখানার প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর ব্যস্ততম নথুল্লাবাদ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নথুল্লাবাদ এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও শ্রমিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী।
সমাবেশে ডা. মনীষা চক্রবর্তী অভিযোগ করে বলেন, “শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী যৌক্তিক দাবিদাওয়া পেশ করায় মালিকপক্ষ অসৎ উদ্দেশ্যে ও ভয়ভীতি দেখাতে তুচ্ছ ঘটনাকে অজুহাত বানিয়েছে। গত ১২ সেপ্টেম্বর শ্রম আইনের ১৩(১) ধারা জারি করে বেআইনিভাবে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। একইসঙ্গে ২৩ ধারায় সব শ্রমিককে যৌথভাবে এবং ৭ জন শ্রমিককে আলাদাভাবে স্থায়ী বহিষ্কারের নোটিশ দেওয়া হয়েছে, যা চরম অন্যায়।”
তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসের শেষ পর্যায় চলে এলেও শ্রমিকদের গত আগস্ট মাসের বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকরা একতাবদ্ধ হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি পেশ করলেও মালিকপক্ষ বকেয়া না দিয়ে কারখানা বন্ধ রেখে লাগাতার ছাঁটাইয়ের মাধ্যমে ভীতি সৃষ্টি করছে।
সমাবেশ থেকে অবিলম্বে অবৈধ বন্ধের নোটিশ প্রত্যাহার, বন্ধ কারখানা পুনারম্ভ এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের জোর দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশ শেষে খালি থালা-বাসন বাজিয়ে একটি প্রতিনিধি দল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুখা মিছিল শেষ করে।
সমাবেশে আরও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ এবং ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক সংগ্রাম পরিষদের সংগঠক আইয়ুব আলী তালুকদার।
এছাড়া সংহতি জানান রেফকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোসা. সোনিয়া আক্তার, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম শাহাদাত এবং পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজীসহ স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









