নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকার কমলাপুরে ককটেলসহ চার জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আহম্মেদপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী ব্যক্তি ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের অভিযোগ, আহম্মেদপুরে জমি সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে তাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঢাকার কমলাপুরে ককটেলসহ চার জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে একটি পোস্ট করা হয়। পরে ওই পোস্টটি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী শেয়ার করেন বলে তারা দাবি করেন।
তাদের দাবি, ওই পোস্টের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বলেন, ‘‘আমরা যদি ঢাকার কমলাপুরে ককটেলসহ গ্রেপ্তার হয়ে থাকি, তাহলে আহম্মেদপুরে দাঁড়িয়ে মানববন্ধন করছি কীভাবে?’’ তারা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানান এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









