কিশোরগঞ্জের করিমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। তবে আসন্ন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন সামনে রেখে কর্মসূচিতে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা সাইফুল ইসলাম সুমনের শক্তি প্রদর্শনের বিষয়টিও আলোচনায় এসেছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় করিমগঞ্জ কলেজ মোড় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম সুমন। তার প্রতি সমর্থন জানিয়ে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সুমন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আসন্ন উপনির্বাচনে নিজের প্রার্থিতার ঘোষণা দেন।
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর সম্ভাব্য উপনির্বাচন ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম সুমনও এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নির্বাচন ও মনোনয়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

সুমন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে তিনি বিএনপির বিকল্প প্রার্থী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কবির উদ্দিন আহমেদের ছেলে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








