কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা পরিষদ–খিরনশাল বাজার–মিতল্লা সড়কের উন্নয়নকাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও অসমাপ্ত পড়ে রয়েছে সড়ক ও কালভার্ট নির্মাণের কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের কয়েক হাজার মানুষ। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও অসমাপ্ত কালভার্ট ঘিরে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অবহেলার কারণে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। সড়কের বিভিন্ন অংশে কাজ অসমাপ্ত থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
স্থানীয় বাসিন্দা রাকিব বলেন, ঠিকাদারের দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। এলাকার মানুষ চরম দুর্ভোগে থাকলেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। দ্রুত কাজ শেষ করার দাবি জানান তিনি।
শ্রীপুর এলাকার বাসিন্দা আলামিন বলেন, কালভার্টের কাজ শুরু করলেও তা সম্পূর্ণ না করেই ফেলে রাখা হয়েছে। এতে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি প্রতিদিন স্বাভাবিক চলাচলেও সমস্যায় পড়তে হচ্ছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ২০২৪ সালের ৩০ জুন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ–খিরনশাল বাজার–মিতল্লা সড়কের ৫ দশমিক ২৪১ কিলোমিটার অংশ প্রশস্তকরণ ও উন্নয়নকাজ শুরু হয়। প্রায় ২০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ ২০২৫ সালের ২৯ অক্টোবরের মধ্যে শেষ করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ৬ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা বিল উত্তোলন করেছে, যা মোট প্রকল্প ব্যয়ের প্রায় ৩০ শতাংশ। অথচ এখনো সড়কের প্রায় এক কিলোমিটার অংশে কার্পেটিং এবং কালভার্টের গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বর্তমান স্বত্বাধিকারী তাপস চন্দ্র বলেন, কাজ শুরুর পর প্রকল্প ও স্থানীয় কিছু বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়। সেসব সমস্যা সমাধান করতে গিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সড়কের প্রায় এক কিলোমিটার অংশে কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে।
অসমাপ্ত কালভার্টের বিষয়ে তিনি বলেন, কালভার্টের অর্ধেক কাজ বাকি রয়েছে। শুধু ঢালাইয়ের কাজ করতে হবে। কিছুদিন আগেও তাঁদের মিস্ত্রিরা গিয়ে কাজের অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
অন্যদিকে, কাজের ধীরগতি ও দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে চিঠির মাধ্যমে বিধি মোতাবেক বিষয়টি জানানো হয়েছে। দ্রুত কাজ শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে, প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় পুনঃদরপত্র বা রি-টেন্ডার প্রক্রিয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে সড়ক ও কালভার্টের কাজ অসমাপ্ত পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত নির্মাণকাজ শেষ করা, ঝুঁকিপূর্ণ কালভার্টে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









