কাতারে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (৪৭) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। মর্মান্তিক এ মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে তজুমদ্দিন উপজেলার বাতাস।
নিহত মো. বাবুল ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবপুর খাসেরহাট এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি দীর্ঘ ১৭ বছর ধরে কাতারে বসবাস ও ব্যবসা করে আসছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে বাবুল তার নিজ গাড়িতে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কাতারের লুসাইল এলাকায় পৌঁছালে গাড়িটি নষ্ট হয়ে যায়। এ সময় তিনি গাড়িটি রাস্তার পাশে থামিয়ে নিজেই ত্রুটি পরীক্ষা করছিলেন। ঠিক তখনই পেছ দিক থেকে এক মিশরীয় নাগরিকের একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে কাতার পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হামাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
নিহতের পরিবারে স্ত্রী ছাড়াও দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে চাওয়া বাবুলের এমন আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারটি গভীর সংকটে ও চরম অনিশ্চয়তায় পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। তারা দ্রুত সরকারি সহায়তায় মরদেভ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বনি আমিন জানান, কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাবুলের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









