কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকার বেশ কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে আটকে রেখেছে।
এই তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা কৌশله পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে বান্দরবানের লামা এলাকার এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ এলাকার সাধারণ মানুষ রয়েছেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রটি এসব মানুষকে বিদেশে পাচারের জন্য জড়া করেছিল। জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করারও পরিকল্পনা ছিল তাদের।
অভিযানের পর পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









