ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জাহিদুল (১৭) নামে অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল বাজার সংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় এবং গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর আড়াইটার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কিশোর জাহিদুলকে আটক করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আরও জোরালো করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









