আড়িয়াল খাঁ আর পালরদী নদীর তীব্র গ্রাসে বছরের পর বছর ধরে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে দিশেহারা বরিশালের গৌরনদীর নদীপাড়ের মানুষ। সেই নিঃস্ব জনপদের সুরক্ষায় এবার বড় আশ্বাস নিয়ে হাজির হলেন সরকারের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত) জহির উদ্দিন স্বপন ঘোষণা দিয়েছেন, নদী ভাঙন থেকে মিয়ারচরবাসীকে বাঁচাতে সরকার সর্বাত্মক ও টেকসই ব্যবস্থা গ্রহণ করবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্পিডবোট যোগে আড়িয়াল খাঁ নদীর উথাল-পাথাল ঢেউ পেরিয়ে দূরবর্তী ও ভাঙনপ্রবণ মিয়ারচরে পৌঁছান জহির উদ্দিন স্বপন। সরেজমিনে ক্ষতির ভয়াবহতা প্রত্যক্ষ করার পর বেলা ১১টায় মিয়ারচর লঞ্চঘাট এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের ফলক উন্মোচন করেন তিনি।
ভাঙনকবলিত সাধারণ মানুষের সঙ্গে অনুষ্ঠিত এক আবেগঘন মতবিনিময় সভায় রাজনৈতিক উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নদী ভাঙন গৌরনদীর মানুষের জন্য এক বিষাদের নাম। এই ভিটেমাটি হারা মানুষের হাহাকার আর সহ্য করা হবে না। সরকারের পক্ষ থেকে মিয়ারচরবাসীকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে সর্বোচ্চ সুরক্ষা বলয় গড়ে তোলা হবে।
আড়িয়াল খাঁ পরিদর্শনের পরপরই তিনি ছোটেন পালরদী নদীর ভাঙনকবলিত অঞ্চলগুলোর দিকে। বোরাদী গরঙ্গল, মোল্লারখাল এবং মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রামের জরাজীর্ণ পাড় হেঁটে ঘুরে দেখেন। ভিটেমাটি হারানোর ঝুঁকিতে থাকা স্থানীয়দের আশ্বস্ত করে তিনি জানান, সাময়িক সমাধান নয়, বরঞ্চ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙন ঠেকাতে দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









