দিনাজপুরের চিরিরবন্দরে জুয়া খেলার সময় নরেশ (৫০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের খোচনা চকরামপুর গ্রামের সুইচগেট সংলগ্ন শ্মশানের দক্ষিণ-পূর্ব পাশে বটগাছের নিচে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত নরেশ খোচনা মাঝাপাড়া গ্রামের মৃত গেন্দুরাম রায়ের ছেলে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় টাকার বিনিময়ে জুয়া খেলার অবস্থায় নরেশকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার ৫২টি তাস জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নরেশকে ওই সাজা দেন।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









