চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ১ হাজার ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা সহায়তা দিয়েছে জেলা পরিষদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সরকার প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপচয় ও দুর্নীতি বন্ধে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ ও জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি তুলে ধরেন। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে মেডেল, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









