কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার খয়েরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে বকুল সর্দার (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরি নিয়ে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল পক্ষ এবং ইউসুফ মেম্বার ও মেহেদী পক্ষের সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা ও দফায় দফায় সংঘর্ষ চলছিল। শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষ সংঘর্ষের উদ্দেশে অবস্থান নেয়।
সকাল সাড়ে ৭টার দিকে হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে বিলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ছাদ থেকে দেশীয় অস্ত্র ‘ফালা’ ছুড়ে মারা হয়। ফালাটি সরাসরি হালিমের গলায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনেরা তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘‘হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









