চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে শিক্ষার্থীদের হয়রানি এবং তাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ‘‘তরুণ সমাজ কোনো ধরনের লেজুড়বৃত্তির রাজনীতি করতে চায় না। ছাত্র-জনতা আন্দোলনে নামলে ইন্ডিয়া, দিল্লি কিংবা লন্ডনেও পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না।’’
শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানের মূল দর্শন ছিল বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠন করা। কিন্তু অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে আবারও পুরোনো বৈষম্য, ক্যাম্পাসে দখলদারিত্ব, চাঁদাবাজি ও লেজুড়বৃত্তিক রাজনীতির বিষবাষ্প ফিরে আসতে দেখা যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার খর্ব করার যে কোনো চক্রান্ত ছাত্রসমাজ মেনে নেবে না।’’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের মূল কাণ্ডারি। শুধু পুঁথিগত সনদের পেছনে না ছুটে নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অন্ধ মুখস্থবিদ্যার ওপর নির্ভর না করে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তিগত জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে।’’ পাশাপাশি এখন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার বিষয়ে নানা দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ছাত্রশিবিরের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









