সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম রুবেল আহমেদ। তার কোমরে গুলি লাগে। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়েতে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মোজাম্মেল। তিনি একটি গাড়িতে করে রানওয়েতে টহল দিচ্ছিলেন। এ সময় রানওয়ের আশপাশে পাখি দেখতে পেয়ে সেগুলো তাড়াতে শর্টগান দিয়ে গুলি ছোড়েন। গুলিটি কাছাকাছি থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমেদের কোমরে লাগে।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, রানওয়েতে পাখি তাড়ানোর সময় গুলি ছোড়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী, গুলি ছোড়ার আগে গাড়ি থেকে নেমে গুলি করার কথা। তবে মোজাম্মেল গাড়িতে বসেই গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর নয়। তবে গুলি ছোড়ার ক্ষেত্রে দায়িত্বে অবহেলা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









