কুষ্টিয়ার মিরপুরে ধানের জমিতে ইঁদুর নিধনের জন্য পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাকদহ চর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাব্বির একই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমন ধান রক্ষায় একই এলাকার মজেদ নামে এক কৃষক জমিতে খোলা জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতে রেখেছিলেন। রাতে বা ভোরে পাশের বাটুপাড়া গ্রামের পথ দিয়ে বাড়ি ফেরার সময় অন্ধকারে ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাব্বির।
সকালে স্থানীয় কৃষকেরা জমির আইলের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মিরপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ফসল রক্ষার নামে এভাবে উন্মুক্ত বৈদ্যুতিক তারের ফাঁদ পাতা বেআইনি ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









