রংপুরের গংগাচড়ার বড়বিল ইউনিয়নে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫৬ জন এবং পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থী অংশ নেয়।
বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনও জেসমিন আক্তার বলেন, ‘‘শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।’’ সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম শানু বলেন, ‘‘নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার কারণে ভালো ফলাফল করতে পেরেছি। এই সংবর্ধনা আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে মাদক থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হয়ে দেশের জন্য কাজ করতে চাই।’’
অভিভাবক সাহেব আলী জানান, সন্তানদের ভালো ফলাফলে তারা আনন্দিত। তবে ভালো ফলাফলের পাশাপাশি সন্তানরা যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, সেটিই তাদের প্রত্যাশা। মাদক থেকে সন্তানদের দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক তরুণ সমাজ ও পরিবারের জন্য বড় হুমকি। শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা।
পরে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









