কক্সবাজারের টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।
এসআরবি-১৫ জানায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় নুরুল হুদার বসতঘরে ইয়াবা মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের পশ্চিম পাশের একটি কক্ষের সানসেডের ওপর থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে নয়টি প্যাকেটে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন ও একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড ফোনও জব্দ করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









