ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় দ্বিতীয়বারের মতো ‘মিট দ্য লিডার’ শীর্ষক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার বাংলামোটরে অবস্থিত ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের অফিসে এ সেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক এবং ক্লাবের জীবন সদস্য জনাব কেএসএম মিনহাজ।
ম্যানেজমেন্ট বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে কর্পোরেট জগতের অভিজ্ঞ ও সফল পেশাজীবীদের সংযোগ তৈরি, বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ৪০ জনের বেশি সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীরা বক্তার সঙ্গে বিভিন্ন বিষয়ে সরাসরি মতবিনিময় করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
জনাব কেএসএম মিনহাজ তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার আলোকে নেতৃত্ব, ক্যারিয়ার পরিকল্পনা ও উন্নয়ন, কর্পোরেট ব্যবস্থাপনা, ব্যবসায়িক কৌশল, কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় পেশাগত দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বর্তমান শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করা এবং পরিবর্তনশীল কর্পোরেট পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একজন অভিজ্ঞ কর্পোরেট নেতার কাছ থেকে সরাসরি তার কর্মজীবনের অভিজ্ঞতা ও মূল্যবান পরামর্শ গ্রহণের সুযোগ পান। এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ক্যারিয়ার সম্পর্কে বাস্তবধর্মী ধারণা অর্জনের পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতেও সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড ভবিষ্যতেও অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, মেন্টরশিপ, পেশাগত নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









