চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ করে পাচারচেষ্টার মূলহোতা আবুল কালাম আজাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে শিশুটির বাবা রুবেল আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। ২০১৭ সালে শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিমকে অপহরণের পর হত্যার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে দাবি করেন তারা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শিশু নাফিসকে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী।
বক্তারা আরও জানান, প্রশাসনের তৎপরতায় শিশু নাফিসকে উদ্ধার করা সম্ভব হলেও ঘটনার মূলহোতা আবুল কালাম আজাদ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। বর্তমানে তিনি সাংবাদিকতার আড়ালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ তোলেন তারা। অবিলম্বে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









