চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়ার-ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের চেষ্টায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর-ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম সান (১৯) এবং একই এলাকার আব্দুস সোবহানের ছেলে সাব্বির রহমান (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সামিউল ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তারা সাঁতার কাটতে কাটতে নদীর মাঝামাঝি চলে গেলে স্রোতের টানে ভেসে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারে নদীতে নামেন। প্রায় আধাঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘‘ঘটনাটি গোদাগাড়ী নৌ-পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে নৌ-পুলিশ।’’
গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র রায় বলেন, ‘‘নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









