বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, বেতাগীর আলোচিত এ ঘটনায় ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ফয়সাল তার প্রতিবেশী ও আত্মীয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ফয়সাল বিভিন্ন সময় ওই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছে পৌঁছালে পূর্ব থেকে সেখানে অবস্থান নেওয়া অভিযুক্তরা শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন।
এসআরবির-৮ এর প্রেস বিজ্ঞপ্তিত সূত্রে আরও বলা হয়, ঘটনার পর থেকেই এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা আত্মগোপনে গিয়ে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান অভিযুক্ত ফয়সালের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, বরগুনায় স্কুল ছাত্রীকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









