কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল সাগর মিয়া বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে ঝর্ণা আক্তারের সঙ্গে ইসমাইলের বিয়ে হয়। তাদের দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে ইসমাইলের বিরুদ্ধে।
২০১৬ সালের ১১ এপ্রিল স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দুই মেয়েকে নিয়ে গাজীপুর থেকে বাজিতপুরে মায়ের বাড়িতে চলে আসেন ঝর্ণা। পরদিন ১২ এপ্রিল রাতে ইসমাইল আরও দুজনকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ঝর্ণার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঝর্ণাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ইসমাইল পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইল ও অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে বাজিতপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য, নথিপত্র ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত ইসমাইলকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। মামলার রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট মনসুর আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









