রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগার ভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হলেও অধিকাংশ হিমাগারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পবা উপজেলার তকিপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি লিখিত বক্তব্য দেন। এ সময় সভাপতি মো. আহাদ আলীসহ আলুচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল ইসলাম বলেন, আলুচাষি ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের জরুরি সভায় প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা থেকে কমিয়ে ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়। কিছু হিমাগারে নতুন ভাড়া কার্যকর হলেও অনেক হিমাগার এখনো তা মানছে না। রাজশাহীতে প্রায় ৪০টি হিমাগার রয়েছে উল্লেখ করে তিনি সব হিমাগারে দ্রুত নির্ধারিত ভাড়া কার্যকরের আহ্বান জানান।
এর আগে জেলা কমিটি প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের সুপারিশ করেছিল। পরে কৃষি বিপণন অধিদপ্তর সারা দেশে ভাড়া ৬ টাকা নির্ধারণ করলে রাজশাহীতে জেলা কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু হয়।
ভাড়া নিয়ে বিরোধের জেরে গত ২১ সেপ্টেম্বর পবার দৌলতপুরের রহমান সিডস্ কোল্ড স্টোরেজে দুই পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। সভার রেজুলেশন ও সিদ্ধান্ত সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী জেলা কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার আলী ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









