সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেশের প্রথম ‘বায়োড্রায়িং প্ল্যান্ট’ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এ কাজে সিসিককে সহযোগিতা করবে লাফার্জহোলসিম বাংলাদেশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নগরের একটি হোটেলে ‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘এ রোডম্যাপ টু বিকাম এ প্লাস্টিক পল্যুশন ফ্রি সিটি’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। সিসিক ও লাফার্জহোলসিম বাংলাদেশ যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে স্থানীয় সরকারের উদ্যোগের পাশাপাশি সামাজিক অংশগ্রহণ ও আইন-বিধির কার্যকর প্রয়োগ প্রয়োজন। তিনি নগরবাসীকে নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ও বর্জ্য ফেলার আহ্বান জানান।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান প্রয়োজন। মেটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) আধুনিকায়নের মাধ্যমে সিলেটকে প্লাস্টিক দূষণমুক্ত করার লক্ষ্য রয়েছে।
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, সিসিকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ল্যান্ডফিল ও নদীতে পড়া ঠেকানোর পাশাপাশি নিরাপদ কো-প্রসেসিংয়ের সুযোগ তৈরি হচ্ছে।
সেমিনারে জানানো হয়, নগরের লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে ২০২৪ সালে সিসিক ও লাফার্জহোলসিম বাংলাদেশের যৌথ উদ্যোগে এমআরএফ স্থাপন করা হয়। সেখানে বর্জ্য থেকে প্লাস্টিকসহ অপচনশীল উপাদান আলাদা করে লাফার্জহোলসিমের ছাতকস্থ জিওসাইকেল প্ল্যান্টে নিরাপদ কো-প্রসেসিংয়ের জন্য পাঠানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বায়োড্রায়িং প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রযুক্তিতে অণুজীবের প্রাকৃতিক বিপাকীয় তাপ ও নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহের মাধ্যমে বর্জ্যের আর্দ্রতা কমানো হয়। ফলে বর্জ্যকে জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী করা সম্ভব হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. আবুল কালাম আজাদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান ড. মো. সালাতুল ইসলাম মজুমদার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









