শরীয়তপুরের জাজিরায় সারেং কান্দি মতিউর রহমান সরদার উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে ভাঙচুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র-নথিপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় বিদ্যালয়ের ছুটির ঘণ্টাও নিয়ে যাওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিলাসপুর ইউনিয়নের সারেং কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক-কর্মচারীরা লাইব্রেরির তালা ভাঙা ও কক্ষের টিন কাটা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে বিভিন্ন আসবাব ও মালামাল ভাঙচুর এবং জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আরিফ হোসাইন বলেন, এর আগেও বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে। বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
দপ্তরি মোহাম্মদ আলী বলেন, আগের দিন লাইব্রেরি গুছিয়ে তালাবদ্ধ করে যাওয়ার পর সকালে এসে ভাঙচুর ও তছনছ অবস্থায় দেখতে পান। বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি ছুটির ঘণ্টাটিও পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় স্থানীয় সুমন খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় আব্দুল হামিদসহ কয়েকজন। তাঁদের দাবি, বিদ্যালয়ের উন্নয়ন ও নতুন ভবন নির্মাণ নিয়ে সুমন খানের বিরোধ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সুমন খান বলেন, ভাঙচুরের ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জাজিরা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ঘটনাটি পুলিশ অবগত রয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









