যশোরের শার্শা উপজেলার বেনাপোল ঘীবা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘিবা বিওপির সীমান্ত এলাকার ৭ নম্বর ঘিবা গ্রামের মাঠের মধ্যে এই অভিযান পরিচালনা করেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিনে বেনাপোল আইসিপি ক্যাম্প ও আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিরা, ফুচকা, পাতার বিড়ি, কিসমিস এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল আলম জানান, জব্দকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









