ভোলার বোরহানউদ্দিনে নিজ দলের এক ওএমএস ডিলারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় ক্যাশবক্স থেকে ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ডিলার বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত যুবদল নেতার নাম তৈয়বুর রহমান মাতাব্বর (৪৫)। তিনি উপজেলার পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। অন্যদিকে ভুক্তভোগী ডিলার মো. আব্দুর রহিম ওরফে হাসান ফরাজী একই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের ওএমএস (১৫ টাকা কেজি দরে চাল বিতরণ) ডিলার।
থানায় দেওয়া অভিযোগে ডিলার হাসান ফরাজী জানান, ডিলারশিপ পাওয়ার পর থেকেই তৈয়বুর রহমান তাঁর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করলেও তিনি তা শোনেননি। এর ধারাবাহিকতায় গত রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ইউনিয়ন পরিষদের নিচতলার গুদামে চাল বিতরণকালে তৈয়বুর রহমান পুনরায় চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশবক্স থেকে নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ওই দিন রাতেই বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হাসান ফরাজী।
উভয়ের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার বলেন, ‘চাঁদাবাজি ও টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি আমি শুনেছি। এর আগেও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৈয়বুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।’
এদিকে চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা তৈয়বুর রহমান মাতাব্বর দাবি করেন, ডিলারশিপের জন্য তাঁরা দুজনেই আবেদন করেছিলেন। দলীয় সিদ্ধান্তে ডিলারশিপ একজনের নামে হলেও লাভ দুজনের ভাগ করার কথা ছিল। সে অনুযায়ী তাঁরা দুজনেই টাকা বিনিয়োগ করেছেন। গত তিন মাস তিনি চালানের টাকা দিলেও লভ্যাংশ নেননি। রোববার চাল বিক্রি শেষে হিসাব অনুযায়ী ৫০ হাজার টাকা করে দুজনে ভাগ করে নেন এবং বাকি টাকা হাসান ফরাজীর বাবাকে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









