চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে একটি বাড়িতে বিকট শব্দে ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ইউনিয়নের মুসা মাওলানা পাড়ায় ইয়াহিয়া হোসেন ওরফে এহু হোসেনের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে হঠাৎ করে এহু হোসেনের বাড়িতে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের পুরো এলাকা কেঁপে ওঠে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, বাড়িটিতে লুকিয়ে রাখা ককটেল থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তীব্র গরমের কারণে বাড়িতে জমা করে রাখা প্রায় ১৫ থেকে ২০টি ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে ১৫-২০টি ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এছাড়া বিস্ফোরণের কারণ ও বিস্ফোরক মজুদের বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









