দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি’র তার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়া এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিরামপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চুরির ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বুলবুল (৩৩)। তিনি বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের এসি’র তার কাটার সময় আনসার সদস্যরা বুলবুলকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বুলবুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।
দণ্ডাদেশ প্রদানের পর বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী অভিযুক্তকে থানা হেফাজতে নেন।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিকে মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









