কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শারীরিক পরীক্ষার পর ওই কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।
অভিযুক্ত ব্যক্তির নাম মতিবর ফকির। তিনি চিলমারী উপজেলার ঢুষমারা এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সন্দেহ হয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান যে সে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এরপরই পরিবারের পক্ষ থেকে ঢুষমারা থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।
এদিকে পরিবার সূত্রে অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি আইনি পদক্ষেপ না নিতে ভুক্তভোগী পরিবারের ওপর দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়।
কিশোরীর মামা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা এই জঘন্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে এবং তার মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। মামলার প্রধান অভিযুক্ত মতিবর ফকিরকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









