কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে দ্রুত এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি মাছ ধরার বোট ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে গভীর সমুদ্রে যায়। গত ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাছ ধরা শেষে কূলে ফিরে আসার সময় বোটটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।
এ সময় বোটে থাকা এক জেলে উপায় না পেয়ে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। সংবাদ পাওয়া মাত্রই কোস্ট গার্ড তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাগরে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। পরবর্তীতে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণ থেকে বিকল হওয়া বোটটি শনাক্ত করে ১৩ জেলেকে অক্ষত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের মাঝে প্রয়োজনীয় খাবার ও পানীয় বিতরণ করা হয়। এছাড়া উদ্ধারকৃত ফিশিং বোটটি বোটের মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও গভীর সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের জরুরি সেবা ও নিরাপত্তা প্রদানে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









