ফাবিয়ান রুইজের ক্যারিয়ারে সময়টা এখন বিশেষ। পিএসজি ও স্পেনের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর ব্যালন ডি’অরের আলোচনায় উঠে এসেছে তার নাম। তবে ব্যক্তিগত স্বীকৃতিকে সামনে না রেখে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেভিয়ায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফাবিয়ান বলেন, ব্যালন ডি’অরের জন্য প্রচারণা চালানো তার উদ্দেশ্য নয়। বরং পুরো মৌসুমের কাজের স্বীকৃতিই তার কাছে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, সবাই স্বীকৃতি পেতে চায় এবং নিজের মৌসুমকে তিনি অসাধারণ হিসেবে দেখছেন।
স্পেনের জার্সিতে ফাবিয়ানের আরেকটি অর্জনও এখন আলোচনায়। জাতীয় দলের হয়ে টানা ৫১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন তিনি। মার্চেনার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগও রয়েছে তার সামনে। তবে এখানেও ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের দীর্ঘ অপরাজিত যাত্রাকেই বড় করে দেখছেন তিনি।
স্পেনের সাম্প্রতিক সাফল্যের ব্যাখ্যাও ফাবিয়ানের কাছে ব্যক্তিগত প্রতিভায় সীমাবদ্ধ নয়। তার মতে, দুর্দান্ত একটি দল এবং মানসম্পন্ন খেলোয়াড়—দুটোর সমন্বয়ই সাফল্যের ভিত্তি। তাই ব্যক্তির চেয়ে দলই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলের সঙ্গে বর্তমান দলের তুলনাতেও আগ্রহী নন ফাবিয়ান। তার মতে, দুটি দল দুটি ভিন্ন সময়ের প্রতিনিধিত্ব করে। তবে সেই প্রজন্মের কীর্তির গুরুত্ব স্বীকার করে বর্তমান দলও ইতিহাস গড়ার পথে এগোচ্ছে বলে মনে করেন তিনি।
সেভিয়ায় ফেরাটাও ফাবিয়ানের জন্য আবেগের। বেতিসের সমর্থক হিসেবে ক্লাবটির প্রতি তার টান এখনও অটুট। ভবিষ্যতে বেতিসেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন তিনি। তবে এখনই সেই সময় নয় বলেও স্পষ্ট করেছেন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ফাবিয়ান প্রতিপক্ষের অভিজ্ঞ দুই তারকা মাতেও কোভাচিচ ও লুকা মদরিচের মানের কথাও তুলে ধরেছেন। কিন্তু ব্যক্তিগত পুরস্কারের আলোচনাকে পাশে রেখে তার চোখ এখন স্পেনের জয় এবং অপরাজিত যাত্রা আরও দীর্ঘ করার দিকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









