নীলফামারীর সৈয়দপুরে পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর শহর ও উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর এলাকার বাসিন্দা চিহ্নিত চোর সাব্বির হোসেন এবং সৈয়দপুর শহরের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, সাব্বির মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে সরাসরি জড়িত। আর ফরহাদ চোরাই মোটরসাইকেল ক্রয় করে নিজের হেফাজতে রাখতেন বলে পাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সৈয়দপুর শহরের পার্বতীপুর রোড এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মতির মোড় এলাকায় ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ফরহাদকে গ্রেপ্তারের পাশাপাশি তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি বলেন, গ্রেপ্তার দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, সৈয়দপুরে মোটরসাইকেল চুরি প্রতিরোধ এবং চোরাই যানবাহন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে সৈয়দপুর শহরে মাদক, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সৈয়দপুর থানা পুলিশের নিয়মিত অভিযান পারিচালনা করছে। গত কয়েক মাসে ধারাবাহিক অভিযানের কারণে মাদককারবারীসহ অন্যান্য অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণেও এসেছে। অপরাধ দমনে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানান সৈয়দপুর থানার ওসি।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









