‘পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করি, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কুমিল্লা গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে কুমিল্লায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নিউ মার্কেটে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বাজার মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর দিক, পরিবেশের ওপর এর প্রভাব এবং ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাজারগুলোতে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে ব্যবসায়ী মধ্যে পাটের ব্যাগ বিতরণ করা হয় ও ক্রেতাদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১) সিদ্ধার্থ শংকর কুন্ডু এবং উপসচিব (জলবায়ু পরিবর্তন-৩) মোহাম্মদ রাজীব সিদ্দিকী, উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর কুমিল্লা সালমান চৌধুরী শাওন,সিনিয়র কেমিস্ট মো: শফিকুল ইসলাম , পরিদর্শক জোবায়ের হোসেন।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ-১) সিদ্ধার্থ শংকর কুন্ডু বলেন, পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধের পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









