রাজধানীর পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয় এবং চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত শাড়ি ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের নিকট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের অর্থনীতি রক্ষায় এবং চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









