নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় গোল কাঠ ও ২ হাজার ৩৯০ কেজি চুইঝালসহ মোট ২০ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায় চোরাচালানের সঙ্গে জড়িতরা।
বিজিবি সূত্র জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিগঞ্জ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়। টহল দলের গতিবিধি টের পেয়েই চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতীয় গোল কাঠ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো উদ্ধার করে।
এরপর সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুচলিবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ৮০২/১৭-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুম্মারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, এসব চুইঝালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা।
দুই অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় গোল কাঠ ও চুইঝালের মোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন পৃথক অভিযানে এসব ভারতীয় পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার রয়েছে। উদ্ধার করা পণ্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









