চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচায় একটি নির্মাণাধীন মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ, পূর্ব রাউজানের মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) ও একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)। পুলিশ জানিয়েছে, তিনজনই রায়হানের সহযোগী।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশ যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, শাহাদাত ও জাফর জিজ্ঞাসাবাদে রায়হানের নির্দেশনায় চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন ও বালুর টাকা সংগ্রহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সিফাত রায়হানের নিয়ন্ত্রণাধীন একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধে সহযোগিতা করতেন বলেও পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে এর আগে রাউজান থানায় কোনো মামলা ছিল না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









