পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে এবং জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ইবলুল হোসেন পবনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোক্তার হোসেন ও পৌর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন।
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার বলেন, জিয়া মঞ্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে এগিয়ে চলার একটি প্ল্যাটফর্ম। সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
বক্তারা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জিয়া মঞ্চকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আব্দুল মান্নান, মিলন হোসেন মিন্টু, আবু সাঈদ, আসাদুজ্জামান টিটু, মোস্তফা আহমেদ লালন, আব্দুল লতিফ, আব্দুল মুমিন, হেলাল উদ্দিন, বাবু মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুল আল মামুন ও রিপন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর জিয়া মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। এবার সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









