জ্বালানি তেল ও কৃষি উপকরণের বর্ধিত মূল্য প্রত্যাহার, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে যশোর, কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলার দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি যশোর জেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি মনিরামপুর শাখার সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট যশোরের আহ্বায়ক আলাউদ্দীন।
সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীনভাবে একলাফে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। সার, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে কৃষক সমাজ আজ দিশেহারা। দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত হলেও তাদের ভাগ্যন্নোয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে এ দেশের উৎপাদনমুখী কৃষক ও দিনমজুরদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
সমাবেশ থেকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ইরি মৌসুমে ডিজেলের দাম কমানো, মার্কিন চুক্তি জনসমক্ষে প্রকাশ, কৃষকদের উৎপাদিত ফসলের সার্বজনীন বীমা চালু এবং ৬৫ বছরোর্ধ্ব কৃষক-মজুরদের জন্য স্থায়ী পেনশন ভাতা চালুর দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









